আব্দুল্লাহ আল মারুফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী এবং বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমাদের এই সবুজায়ন উদ্যোগ। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। আমি উপজেলার প্রতিটি নাগরিককে, বিশেষ করে তরুণ প্রজন্ম ও স্কাউট সদস্যদের, নিজ নিজ আঙিনায় অন্তত দু’টি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি।কর্মসূচিতে উপস্থিত বক্তারা সরকারের এই সবুজ বিপ্লবের অংশীদার হতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়তে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো উপজেলা জুড়ে এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।