আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি মাঈন উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ১২ জুন (শুক্রবার) রাতে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন বিএসআরএম গেইট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাঈন উদ্দিন সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালগাঁও এলাকার নসরুল হকের পুত্র। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চরতি ইউনিয়নের বাসিন্দা সেলিম হত্যা মামলার পর থেকেই আসামি মাঈন উদ্দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল মিরসরাইয়ের বিএসআরএম গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,চরতির সেলিম হত্যা মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি মাঈন উদ্দিনকে র্যাব গ্রেপ্তার করে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সেলিম হত্যা মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান ওসি।