আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়ায় একটি কাভার্ড পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৭ হাজার টাকা।গতকাল ৯ জুন (২০২৬) দুপুরে পটিয়া থানাধীন শান্তিরহাট বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন-চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বড় হাতিয়া কুমিরা ঘোনা এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে পিকআপ চালক মোঃ ছায়েদ (১৯) এবং কক্সবাজারের চকরিয়া থানার রিংভং সদস্যঘাটা এলাকার মোঃ ফারুকের ছেলে পিকআপ হেলপার মোঃ সাজ্জাদ (১৬)।র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র পিকআপ যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পটিয়ার শান্তিরহাট বাজারের পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে।দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন পিকআপটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা সেটিকে থামিয়ে চালক ও হেলপারকে আটক করে। পরবর্তীতে পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে গাড়ির বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯,৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে পিকআপটি জব্দ করা হয়।র্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত পিকআপের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানা পুলিশ এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে।