এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে র্যাব-৭। এ সময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ নানা ধরনের প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।র্যাব-৭ চট্টগ্রাম বুধবার (২০ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালিত হচ্ছে। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় সেখানে অভিযান চালায়।অভিযানকালে হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ভাড়া বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি।এ ছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।র্যাব জানায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে সফটওয়্যারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।