আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা”— এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক স্কুল বিতর্কের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৯ মে) নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিতর্কের মূল বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। এই বিষয়ে পক্ষের ও বিপক্ষের যুক্তির লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ হয়েছে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।ফাইনালে চমৎকার সব যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা নুসরাত জাহান। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দিদারুল আলম।চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবুল কালাম আজাদ এবং মহি উদ্দিন বাবু।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু ও কহিনুর বেগম, সদস্য মামুন হোসেন ও হাসিনা আক্তার।অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজধানী টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, আনোয়ারুল আজিম, ইসমাইল হোসেন সজীব ও আব্দুল মোতালেব।চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেওয়া বিজয়ী, রানার-আপ এবং অংশগ্রহণকারী দল এবং সেরা বিতার্কিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিবৃন্দ।পুরস্কার বিতরণী পূর্বে প্রধান অতিথি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের মাঝে সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। বিতর্ক শিক্ষার্থীদের যেকোনো বিষয় যৌক্তিকভাবে তুলে ধরার দারুণ সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীদের মেধা ও যুক্তিচর্চাকে আরও বেগবান করতে খুব শীঘ্রই চাটখিলে একটি ‘ডিবেটিং ক্লাব’ গঠন করা হবে এবং জ্ঞান চর্চার আলো ছড়িয়ে দিতে একটি ‘গণপাঠাগার’ স্থাপন করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আগামীতে সমাজ থেকে দুর্নীতির অন্ধকার দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।