আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে ৩ দিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার মাহমুদুল হাসান বলেন, একজন কৃষকের জন্য এক খণ্ড জমি শুধু একটি সম্পদ নয়, বরং তার পরিবার, জীবিকা ও ভবিষ্যতের প্রধান অবলম্বন। অতীতে জমির খতিয়ান, পর্চা, মিউটেশন কিংবা রেকর্ড তুলতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হতো এবং অনেক ক্ষেত্রে তারা দালালচক্রের শিকার হতেন। বর্তমান সরকারের যুগান্তকারী ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সেসব দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।তিনি আরও উল্লেখ করেন,দেশের প্রায় ৪১ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমির ওপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে, বিশেষ করে কৃষকদের আরও জনবান্ধব সেবা দিতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, ডিজিটাল ও সহজ করার নিরলস উদ্যোগ নিয়েছে। এখন ঘরে বসেই মানুষ ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছেন।মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল থেকে সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ানের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও আইনি পরামর্শ দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় আসা সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিহীনভাবে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন