আব্দুল্লাহ আল মারুফ >>> সন্তানদের প্রতিযোগিতামূলক শিক্ষার ইঁদুর দৌড় থেকে বের করে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন,আমরা সবাই এখন নিজের সন্তানকে গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি-আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না।বুধবার (১৩ মে) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।ডিসি জাহিদুল ইসলাম বলেন, অটিজম এখন শুধু চিকিৎসাবিজ্ঞানের বিষয় নয়, এটি একটি সামাজিক বাস্তবতা। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৯৮ লাখ অটিস্টিক শিশুর পরিবারের যে হাহাকার, তা অনেক সময় আড়ালে থেকে যায়। তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, অটিজম প্রতিরোধে সামাজিক সুস্থতাও জরুরি। একজন অসুস্থ মানুষ সুস্থ সমাজ গড়ে তুলতে পারে না। তাই আমাদের শুধু সহায়তা নয়, প্রতিরোধ নিয়ে ভাবতে হবে।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আধুনিক পরিবারগুলোতে মানবিক সংযোগের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, একসময় পরিজন শব্দটির গভীরতা ছিল। আজ আমরা পরিবারকেন্দ্রিক হলেও মানবিক সংযোগ হারিয়ে ফেলছি। জীবনের আনন্দ যেন হারিয়ে যাচ্ছে।চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বর্তমানে শনাক্তকরণ প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ, অল্প বয়সে মাতৃত্ব ও সামাজিক পরিবর্তনের কারণে অটিস্টিক শিশুর সংখ্যা বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ আমাদের সমাজের জন্য সবসময় মানানসই নয়। আমাদের নিজস্ব মূল্যবোধ ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করতে হবে।অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান-এই প্রতিপাদ্য উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, স্টিফেন হকিং বা মাইকেল ফেলপসের মতো ব্যক্তিরা প্রমাণ করেছেন যে সীমাবদ্ধতা জয় করা সম্ভব। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষ হওয়ার জন্য মানবিকতা প্রয়োজন। সূর্যের যদি তাপ না থাকে তবে তার মূল্য নেই, তেমনি মানুষের মধ্যে মানবিকতা না থাকলে সে ‘আশরাফুল মাখলুকাত হতে পারে না।বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অটিজম বিষয়ে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।প্রয়াস-এর অধ্যক্ষ লে. কর্ণেল সাঈদা তাহমিনা সিমা।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম এবং অধ্যাপক ডা. বাসনা মুহুরী।অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক ২৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। এতে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।