আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার রাউজান থানার আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি টিপুকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। গত রোববার (০৩ মে) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত টিপু রাউজান থানার রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে।র্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাউজান থানায় কাউসার জামান বাবলুকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২১, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি টিপু গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, আসামি টিপু কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১১ যৌথভাবে গত ০৩ মে আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপুকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উল্লেখ্য, গত মাসে রাউজানে কাউসার জামান বাবলুকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আসামিকে গ্রেফতারের পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।