মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাংবাদিকদের জন্য আইন বিষয়ক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।র্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো আইনি জটিলতায় না পড়েন এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক খবর পটুয়াখালী সম্পাদক আব্দুস সালাম আরিফ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এবং চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। বক্তারা বলেন, একটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকরা যদি নির্ভয়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরেন, তবেই সমাজে জবাবদিহিতা নিশ্চিত হয়। একইসঙ্গে সাংবাদিকতাকে আরও আধুনিক ও মানসম্মত করতে আইনি জ্ঞান থাকা প্রতিটি সংবাদকর্মীর জন্য অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে পটুয়াখালীর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।