ইমন মিয়া, সোনারগাঁও থেকে >>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মিনিট্রাকের পেছনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় চালক ও মালামালের মালিকসহ দুই যুবক নিহত হয়েছেন।শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপরদী এলাকার চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে ও মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে ও মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯ রেজিস্ট্রেশনধারী একটি মিনিট্রাক চলাকালীন সামনের একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটি ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই লেনে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনা কবলিত মিনিট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”