আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার কেরানীহাট মডেল মসজিদ চত্বরে এক বিশাল শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনযাত্রার মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ সবার দায়িত্ব। শ্রমিকদের শোষণমুক্ত রেখে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধের যে ইসলামি আদর্শ, তা বাস্তবায়ন করতে হবে। সামাজিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইছহাক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ ইউনুস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী কেরানীহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার শপথ গ্রহণ করেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।