নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার। চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গতকাল ৩০ এপ্রিল বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। সে কক্সবাজার সদরের সিটি কলেজ রোড এলাকার প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ স্থাপন করত। সে নিজেই ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের রাতে তা দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করত। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করত এবং টাকা পাওয়ার পরপরই ওই পরীক্ষার্থীকে ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করত।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় একটি চক্র ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ছড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ১৫:৩০ ঘটিকায় সেখানে ঝটিকা অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর তার অপরাধ স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবং এ ধরণের গুজব ও প্রতারণা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ধরণের কোনো প্রলোভনে পা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।