নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।। চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এলাকায় আলোচিত ছিনতাই মামলার অন্যতম প্রধান আসামি জসিম উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জলদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার মৃত জাকের হোসেনের ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। দীর্ঘ দিন ধরে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত জসিম দীর্ঘদিন ধরে ইকোপার্ক ও এর আশপাশের পর্যটন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। পর্যটকদের টার্গেট করে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা ছিনিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ছিনতাই ও দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান:প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ইকোপার্ক এলাকায় সংঘটিত বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজই আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।