আব্দুল্লাহ আল মারুফ।।আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে পাঁচটি যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি নিষিদ্ধ হর্নগুলো জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অংছিং মারমা। অভিযানে সড়কে চলাচলকারী যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।নিষিদ্ধ হর্ন ব্যবহারের দায়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৫টি যানবাহনের চালককে মোট ৬,৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন,মো: আবুল কালাম সুলতান পুর, রাউজান ১ হাজার টাকা,মো: ইউনুচ কচুয়া, চাঁদপুর ৫ শত টাকা,মো: ইউসুফ সাতকানিয়া, চট্টগ্রাম ১ হাজার টাকা,মো: বাপ্পা রাঙ্গুনীয়া, চট্টগ্রাম ৩ হাজার টাকা,মো: শাহীন উদ্দীন নাঈম কদলপুর, রাউজান ১ হাজার টাকা।অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস। সার্বিক সহযোগিতা করেন গবেষণাগার সহকারী মো: রেজাউল করিম। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র্যাব-০৭ এবং রাউজান উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এবং জনস্বার্থে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বিরোধী এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। শব্দ দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চালক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।