সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।।টাঙ্গাইলের সখিপুরে গাঁজাসহ তুফান (৩৫) নামের এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সখিপুর সরকারি কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত তুফান সখিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত কালু শাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সখিপুর সরকারি কলেজ মোড় এলাকায় মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল তুফান। তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে এবং পুলিশে খবর দেয়। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করে গাঁজাসহ আটক করে।আটকের পরপরই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা। অভিযুক্ত তুফান নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।সখিপুর থানা পুলিশ জানায়,সাজাপ্রাপ্ত আসামিকে আজই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।