আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার মিনজিরিতলা এলাকায় এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার দায়ে একটি ইটভাটাক আর্থিক জরিমানা ও উচ্ছেদ করা হয়:প্রতিষ্ঠানের নাম: মেসার্স চৌধুরী ব্রিকস।মালিক: সাইফুল ইসলাম।বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া ভাটায় মজুদকৃত বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ওমর সানী আকন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৌস।অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাঁশখালী থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষায় ও অবৈধ ইটভাটার আগ্রাসন বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন এবং আবাসিক ও কৃষি জমিতে গড়ে ওঠা কোনো অবৈধ ইটভাটাকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।