নিজস্ব প্রতিবেদক কক্সবাজার। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-১৫। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধলঘাট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফজল কাদেরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মহেশখালীর উত্তর মহুরীঘোনা এলাকায় ফজল কাদের অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ফজল কাদের এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়:তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ফজল কাদের একজন পেশাদার অপরাধী এবং মহেশখালীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও যোগ করেন,কক্সবাজার জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত অপরাধীদের নির্মূলে র্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজইল্যা ডাকাত গ্রেফতার হওয়ায় মহেশখালী উপকূলীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তার সহযোগী ও অন্যান্য পলাতক আসামিদের ধরতেও অভিযান জোরদার করা হয়েছে।