মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর গলাচিপায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বাদুরা বাজারে র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি করছেন, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর চরম লঙ্ঘন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। র্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, বাজারে অস্থিতিশীলতা তৈরি করা, অবৈধ মজুতদারি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে, সচেতন নাগরিক হিসেবে কোথাও অবৈধ মজুতদার বা অধিক মুনাফালোভী ব্যবসায়ীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।