আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আলোচিত ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ গিয়াসকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৭। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সাতকানিয়ার ঠাকুর দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত মিজানুর রহমান সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা ও পেশায় একজন হকার ছিলেন। তার দুটি অপ্রাপ্তবয়স্ক পুত্রসন্তান রয়েছে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন মিজান। রাত ৯টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের খলিফা পাড়া সংলগ্ন রবি টাওয়ারের মোড়ে পৌঁছালে ৮-১০ জন দুর্বৃত্ত গতিরোধ করে তাকে অপহরণ করে। পরে পার্শ্ববর্তী একটি গাছ বাগানে নিয়ে তার দুই হাত ও পায়ের রগ কেটে দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে হাড় ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২১ মার্চ তার মৃত্যু হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব ছায়া তদন্ত ও নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৩টা ৩০ মিনিটের দিকে ঠাকুর দিঘী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি গিয়াসকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন,ব্যবসায়ী মিজানুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলার প্রধান আসামি গিয়াসকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চালাচ্ছি। মামলার বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত গিয়াস গারাঙ্গিয়া এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।