আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার (১২ এপ্রিল) রাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. জনি (২১)।র্যাব সূত্র জানায়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র্যাব-৭-এর একটি দল। রাত সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। সন্দেহভাজন একটি বাস থামিয়ে তল্লাশিকালে যাত্রীবেশে থাকা হাসান ও জনির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কাছে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বাজারমূল্য ও পরবর্তী আইনি ব্যবস্থা জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাবের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।