আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় মো. মিনহাজ নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. সবুজকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় থেকে,ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।গত ৬ এপ্রিল সকালে পেশায় কাপড়ের দোকান কর্মচারী মিনহাজ রিকশায় করে জহুর হকার্স মার্কেটে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত, পা ও মুখমন্ডলে গুরুতর জখম করে এবং তার ডান হাতের কবজি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ঘটনার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ২ নম্বর আসামি সবুজ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আত্মগোপন করে আছেন।এরই প্রেক্ষিতে গত রাতে র্যাব-৭ ও র্যাব-৯ এর একটি যৌথ দল কসবা থানাধীন ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।