আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের লোহাগাড়ায় এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশ এক নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এই অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে এবং একটি শোষণহীন সমাজ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।গতকাল শনিবার দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নে সমাজকল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শাহজাহান চৌধুরী বলেন, সময়ের অনিবার্য প্রয়োজনে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যারা এই আন্দোলনকে বিতর্কিত করতে চায়, তাদের উদ্দেশ্য শুভ নয়-এটি জাতি বুঝে গেছে। ছাত্র-জনতার শক্তির কাছে কোনো অপশক্তি বা ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।তিনি আরও বলেন, দেশ এখন সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পর্যায়ে ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্রকে সাজানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড জোরদার করার মাধ্যমেই একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এমপি বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রুখতে খেলাধুলা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে। তিনি মনে করেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই হলো প্রকৃত রাজনীতি এবং মানবসেবা হলো সর্বোত্তম ইবাদত।সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা বজলুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. ইসহাক, ফারুক উদ্দিন চৌধুরী, নুরুল হুদা চৌধুরী এবং আব্দুল মোনাফ। বক্তারা সংস্থাটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।