আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ (১৫) নামে এক নবম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দিঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
নিহত ও আহত ওবায়দুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনায় আহত ৪ জনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে উল্টে যায়।নিহত ওবায়দুল্লাহ ও তার পরিবার ওমরাহ পালন শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে তার মা, বোন ও ভগ্নিপতিও ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।