এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> দায়িত্ব গ্রহণ করেই জনবান্ধব পুলিশিংয়ে জিরো টলারেন্সের বার্তা ঘোষনা করলেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত কমিশনারকে বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।