আব্দুল্লাহ আল মারুফ সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমকে অপহরণ, অমানুষিক নির্যাতন এবং অস্ত্রের মুখে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতকানিয়া। এই ঘটনার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী আবদুল করিমকে তুলে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি বানোয়াট ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।শনিবার (২৮ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাতকানিয়া থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন।সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছাত্রদল নেতার সম্মানহানি করতে পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, জেলা যুবদল নেতা মো. শফি, ইফতেখার রাজিব, এস এম জাহেদ, মো. আব্দুল জলিলসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।