আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধ মাটি কাটা বন্ধ এবং কৃষিজমি রক্ষায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার ১০নং কেওচিয়া ইউনিয়নের তেমুহনী মৌজাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে নয়া খাল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর শাখা ডলুখাল থেকে নয়া খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং পার্শ্ববর্তী কৃষিজমি রক্ষায় পূর্বে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু একটি অসাধু চক্র সেই বেড়িবাঁধকে ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের জন্য ট্রাক চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার শুরু করে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ে বিশাল এলাকার আবাদি জমি।স্থানীয় প্রশাসন সূত্র জানান, কৃষিজমি সুরক্ষা এবং মাটিদস্যুদের অপতৎপরতা রুখতে এদিন যৌথ অভিযানে নামে প্রশাসন। অভিযানের সময় ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ করতে বেড়িবাঁধের একটি নির্দিষ্ট অংশ কর্তন করা হয়।মাটিবাহী ট্রাক চলাচলের পথ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।নয়া খালে পানির স্বাভাবিক প্রবাহ পুনরায় নিশ্চিত করা হয়েছে।পার্শ্ববর্তী শত শত একর কৃষিজমি অবৈধ দখল ও ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।সাতকানিয়া উপজেলা প্রশাসন জানান,অভিযান চলাকালে অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় এ কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।