সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি >>> খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেল সংকট, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি যৌথ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন শীল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা।অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও মাহিন্দ্র চালক এবং লাইনম্যানদের সতর্ক করা হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।