আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের চন্দনাইশে অটোরিকশা চালক সালাউদ্দিন (২৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. হানিফকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকায় র্যাব-৭ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নিহত সালাউদ্দিন ও হানিফের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১৩ মার্চ রাতে চন্দনাইশের দিয়াকুল এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে হানিফ সালাউদ্দিনের পেটে ছুরিকাঘাত করেন। পরদিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত হানিফ চন্দনাইশ থানার দিয়াকুল এলাকার মফিজুর রহমানের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।