আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল কুরআনুল কারীম ইনস্টিটিউট ও শাহ আনোয়ারী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ বিকাল পাঁচটার দিকে কেরানিহাট এলাকার একটি স্থানীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের কর্ণধার মাওলানা হাফেজ ক্বারি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চেয়ারম্যান শহিদুল মোস্তাফা। আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগের প্রধান শহিদুল ইসলাম মিছবাহের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আজিজুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেরানিহাট মা-শিশু জেনারেল হাসপাতাল।শহর মুল্লুক রাশেদ, সভাপতি, কেরানিহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি।নুরুল আবচার, সিনিয়র আইনজীবী প্রমূখ।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য এবং কুরআন শিক্ষার প্রসারে আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে কুরআনিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং শাহ আনোয়ারী ফাউন্ডেশনের মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোর এই ধরণের মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান। দোয়া শেষে উপস্থিত কয়েকশ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।