আন্তর্জাতিক ডেস্ক >>> ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি-তে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, তেল আবিবে অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয় ও ইসরাইলি বিমানবাহিনীর এক কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়। হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও দাবি করা হয়েছে।তবে ইসরাইলের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইলি প্রশাসন বা সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, একই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ার পর নেতানিয়াহু তার নির্ধারিত বেইত শেমেশ সফর বাতিল করেন। সর্বশেষ প্রাপ্ত ভিডিও বার্তায় তাকে কয়েক মিনিটের একটি বক্তব্য দিতে দেখা যায়, যা প্রায় পাঁচ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে। এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি।এদিকে হামলার পর তেল আবিব ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলার দাবি সত্য হয়, তবে এটি ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে।