নিউজ ডেস্ক।। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, মহান আল্লাহ তা’আলা এই বিজয়ের মাধ্যমে আমাদের মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ অশুভ শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এক নতুন ইতিহাস রচনা করেছেন।
তিনি বলেন, “ব্যাংক ডাকাত ও কালো টাকার মালিকরা আমাকে পরাজিত করতে কোটি কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা জনগণকে টাকার লোভে বশীভূত করতে পারেনি। এই এলাকার মানুষ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের এই রায় কেবল একটি নির্বাচনী বিজয় নয়; এটি একটি নৈতিক বিজয়। মানুষ বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
শাহজাহান চৌধুরী বলেন, “আমি জাতীয় সংসদে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ঘোষিত ম্যানিফেস্টো এবং স্থানীয়ভাবে ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আদর্শ, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
গতকাল শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা-র শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, সাবেক আমীর ও কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আফসার, অধ্যাপক জালাল আহমদ, জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার আব্দুল সালাম, আমিরাবাদ শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম, মাস্টার মোবারক হোসেন, সহ-সভাপতি রফিক দিদারসহ স্থানীয় জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

