নিউজ ডেস্ক।। চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নে উন্নয়নের কোন ছোঁয়া লাগে নি। এই অবহেলিত ছাদাহাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। আমাকে একটিবার সুযোগ দিন আমি ছাদাহাবাসীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
তিনি বুধবার ( ৪ জানুয়ারি ) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মনতলা,সরদার পাড়া ও এজাহারের দোকান এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন। এ সময় তিনি ছদাহা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া,মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন ও এলাকাবাসীর ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, “ বিজয়ী হলে সাতকানিয়াকে একটি মডেল উপজেলায় পরিনত করতে যা যা করা দরকার সব করা হবে। কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরো বলেন,” আপনারা দেশ ও ধানের শীষের জন্য একদিন কষ্ট করেন আমি আপনাদের ৫ বছরে জন্য নিরাপত্তা দিব,সেবা করবো। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার,আপনারা সেই সরকারের অংশীদার হতে চাইলে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়ত উল্লাহ চক্ষু,বিএনপি নেতা লোকমান মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,নুরুল ইসলাম,আবু তাহের,যুবদল নেতা সোহেল,বেলাল,সোহাগ,সাত্তার,ছাত্রদল নেতা নাঈম উদ্দিন,শওকত আলম।