সাদেকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি নীলফামারী।। উত্তরবঙ্গের হিমেল হাওয়া আর তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থার ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি’-র উদ্যোগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বসবাসরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় তারাগঞ্জস্থ ব্র্যাক এরিয়া অফিস প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জরুরি সাড়াদান’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) জনাব গোলাম মোস্তফা। বিতরণকালে জনাব গোলাম মোস্তফা বলেন, “ব্র্যাক সবসময়ই দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকে। উত্তরবঙ্গের এই হাড়কাঁপানো শীতে দরিদ্র পরিবারগুলোর কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করছি দুর্গম এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন:জনাব ওয়াসিম আকরাম, এলাকা ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)।জনাব হিরন্ময়, এলাকা ব্যবস্থাপক (প্রগতি)।জনাব মনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স।এছাড়াও কর্মসূচিটি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারাগঞ্জ শাখা ব্যবস্থাপক জনাব আকবর আলী, সহকারী শাখা ব্যবস্থাপক জনাব রবিউল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।কম্বল পেয়ে স্থানীয় শীতার্ত মানুষের চোখে-মুখে স্বস্তির ছাপ দেখা যায়। সুবিধাভোগীরা জানান, হাড়কাঁপানো এই শীতে একটি উন্নতমানের কম্বল তাদের জন্য অনেক বড় সাহায্য। ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।উল্লেখ্য যে, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ ও শীতকালীন সংকটে জরুরি সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় তারাগঞ্জের এই কর্মসূচি পালিত হলো।