মীর জাহেদ রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরের চারটি কক্ষ পুড়ে গেছে। ওই ঘরগুলোতে তিনটি পরিবার বসবাস করত। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সাইর মোহাম্মদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা।খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে মো. রফিক, মাসুদ ও রেজাউল করিম নামে তিন মালিকের ৪০ বাই ৪৫ ফুট আয়তনের কাঁচা মাটির দেয়াল ও টিনের ছাউনিবিশিষ্ট চার কক্ষের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।তিনি আরও জানান, রান্নাঘরের চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তাদের প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুন থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।এদিকে ঘরের সব পুড়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।