মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪৭৬ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেসও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা (বিএ-৭০২৫)। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে দেশের সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”শিক্ষা উপকরণ বিতরণ শেষে ব্যাটালিয়ন অধিনায়ক রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন। সেখানে পূজা-অর্চনার জন্য মন্দির কমিটির হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে রুমা উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত অঞ্চলে শিক্ষার প্রসার, ধর্মীয় সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।