নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের লোহাগাড়ায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে “আমার লোহাগাড়া ডট কম” নামে একটি নতুন ওয়েবসাইট।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সময়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তাই ঘরে বসেই নাগরিক সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এই ওয়েবসাইট চালু করা হয়েছে।”
ওয়েবসাইটটির মাধ্যমে নাগরিকরা অনলাইনে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, বাসিন্দা প্রত্যয়ন, ভিজিডি/ভিজিএফ প্রত্যয়ন সহ ইউনিয়ন পরিষদের সকল ধরনের আবেদন এবং প্রত্যয়নপত্র সম্পন্ন করতে পারবেন।
ইউএনও আরও জানান, সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ দিয়ে ওয়েবসাইট ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে, যার ফলে সেবা প্রদান হবে সময়মতো, নির্ভুল এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধাসহ। তিনি আশা প্রকাশ করেন, এটি লোহাগাড়াকে একটি স্মার্ট ও সেবা-বান্ধব উপজেলা গড়ে তোলার পথে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এদিকে, এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল প্রশংসা করেছে এবং ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে।