স্পোর্টস রিপোর্টার >>> নারী ফুটবলে এখন দারুণ সময় কাটছে বাংলাদেশের। একের পর এক সুখবর নিয়ে আসছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সিনিয়র নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে লিখেছে নতুন ইতিহাস। অনূর্ধ্ব-২০ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছে দেশের মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ ও সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের কন্যারা। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনো অধরা। বয়সভিত্তিক ফুটবলের এই আসরের শ্রেষ্ঠত্বের স্বাদ নিতে নতুন মিশনে নেমেছে অর্পিতা দাস বিশ্বাসরা। টুর্নামেন্টটা দারুণ জয়ে শুরুও করেছে মেয়েরা। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে মেয়েরা। আজ ভারতের বিপক্ষেও এমন আরো একটি জয় উপহার দিতে চান তারা।আজ বাংলাদেশের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ভারত। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুদল মুখোমুখি হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় নেপালের মুখোমুখি হবে আয়োজক ভুটান। ভুটানের বিপক্ষে জিতে এ ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী অর্পিতারা। লড়াই কঠিন হবে জেনেও জয়ের ছন্দটা তারা ধরে রাখতে চান এ ম্যাচেও। অন্য দিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারতও। আসরের উদ্বোধনী ম্যাচে তারা রীতিমতো গোল উৎসব করেছে নেপালের জালে। আজও তারা গোলের বন্যা বইয়ে দিতে চেষ্টার কোনো কমতি রাখবে না। তবে ছেড়ে কথা বলবেন না প্রথম ম্যাচের গোলদাতা আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতিরা। ভারতের জাল কাঁপাতে তারাও নিয়ে রেখেছেন শেষ সময়ের প্রস্তুতি।ভুটানের মতো ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন সুরভী আকন্দ প্রীতি। গতকাল বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এ তারকা ফুটবলার বলেন, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে, ভালো আছে। টুকটাক ইনজুরি আছে। আশা করি, আজ ও কালের মধ্যে সেরে যাবে। কাল (আজ) ভারতের বিপক্ষে একটি ম্যাচ। এটা ভাইটাল একটি ম্যাচ। ভুটানের বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি। চেষ্টা করব কাল যেন ভুলগুলো না হয়। ওরা আলহামদুলিল্লাহ ভালো। সবার একটাই লক্ষ্য, সবাই জয় নিয়ে ফিরব। বাংলাদেশে ট্রফি নিয়ে ফিরব, ইনশাআল্লাহ।