আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নীলফামারীর কিশোরগঞ্জে একমাত্র শহীদ রোবাইদুজ্জামান রেজওয়ান ওরফে নাঈম বাবুর ১ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। বুধবার বাদ জোহর রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি মধ্য পাড়া গ্রামে তাঁর সমাধিস্থলের পাশের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস আলম। এসময় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে অশ্রুজল নয়নে আমিন আমিন ধ্বনিতে মসজিদ প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লীগণ। উল্লেখ্য, ৪ আগষ্ট ঢাকার আশুলিয়া থানার সামনে গামের্ন্টসকর্মী নাঈম (১৮)গুলিবিদ্ধ হন। অপারেশনের পর ৫ আগষ্ট রাত ২টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬ আগষ্ট বিকালে মামার বাড়িতে তার বাবার কবরের পাশে তাকে দাফন করেন।