আফসানা আক্তার
তোমার তাড়া নেই রংধনু সাজবার
বিবর্ণ শাল গায়ে মহাপুরুষ সাজো,
প্রমত্ত দুনিয়া তোমায় দেখে আরো হোক ছারখার
নিঃশেষে এক সাধুসন্ত রয়ে গেছে আজো।
আমার জন্যে তোমাকে হিমু সাজতে হবে না
লাল-হলুদ ক্যাটক্যাটে রংয়ে সাজিও না তোমায়,
মোলায়েম চিত্রে অংকিত করেছে আমার কল্পনা
কাঠফাটা রোদে আঁকি নি সে ছবি এঁকেছি নরম হাওয়ায়।
সাদা আর আকাশিতে বড় অদ্ভুত মায়া আছে
যদি চাও তো তাতেই নিবদ্ধ হইয়ো,
রহস্যময় সূদুর আকাশ আসবে মুঠোর কাছে
এতো সন্নিকটে যদি করে ভয় তো ছুটি চেয়ে নিও।
যদি তুমি চাও, আষাঢ়ের স্বচ্ছ নীল খুজবো
শেষ বেলায় চামড়ার জুতো, বাদামি হ্যাট আর ক্রাচে তোমায় সাজাবো,
সবকয়টির আধছিলা রং অকপটে সাক্ষী দিবে অতীতের
কষ্টের নয়, হবে এক প্রশান্তিময় গল্পের।
যদি এসবের কিছুই না চাও, বিচ্ছেদের আগেই বিচ্ছেদ হয়!
কোনো বিপত্তি নেই, তাতেই বরং থাকবে না ছন্দপতনের ভয়!