মো: আরমান (বাঁশখালী)
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে রবিবার উপজেলা পরিষদের কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা পর্যায়েও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসন তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র আয়োজন করে। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবে। মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। মেলায় যাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, সে জন্য উপজেলা কমিটি মেলাকে আকর্ষণীয়, উপভোগ্য করার কাজ করে যাচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মাঠপর্যায়ের অফিসগুলোকে স্থানীয় পর্যায়ের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিকে সহায়তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার খাজেমী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল খালেক পাটোয়ারী,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে দায়িত্বপর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।