জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রোজিনা খাতুন (৩৪) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।রোজিনা আক্তার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে ও শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন।আলো জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক সুমন আলী বলেন, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসববেদনা ওঠায় নার্স রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আনতে যান সোলাইমান। আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পান রোজিনা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত রোজিনা খাতুনসহ মোটরসাইকেল চালক সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় হাসপাতালের স্টাফদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মোটরসাইকেল চালক সোলাইমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিন।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক আসমা খাতুন জানান, রোজিনা আক্তারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক সোলাইমান হোসেনকে রাজশাহীতে পাঠানো হয়েছে।এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে