নিজস্ব প্রতিবেদক।। ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের বেশিরভাগ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ইসি বদ্ধপরিকর। বিশেষ করে গণমাধ্যমকর্মী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে যাতে তারা সরাসরি ভোটগ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন।
তিনি আরও জানান, এবার ভোটার তালিকায় ৪ কোটিরও বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছেন। এই বিশাল সংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণ নির্বাচনকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া কমিশনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং নতুন অভিজ্ঞতা।











মন্তব্য